২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে কোনো উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা যায়নি বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরবরাহ ও বিপণন পরিস্থিতি নিয়ে কথা বলেন। পাশাপাশি তিনি বাজারে উপস্থিত ক্রেতাদের মতামতও নেন।

প্রতিমন্ত্রী বলেন, আকস্মিক পরিদর্শনের মাধ্যমে সার্বিক বাজার পরিস্থিতি জানার চেষ্টা করেছি। বাজারে অধিকাংশ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও সন্তোষজনক বলে মনে হয়েছে। বিগত বছরগুলোতে বাজেট ঘোষণার পর মূল্যবৃদ্ধির যে প্রবণতা দেখা যেত, এবার তা হয়নি।

তিনি উল্লেখ করেন, সরকার ঘোষিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যে কর ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমানো যায়।

শরীফুল আলম আরো জানান, বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সমন্বিত তদারকির ফলে বাজারে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা বজায় রয়েছে।

অহেতুকভাবে কোনো পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।