চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘চসিকের উদ্যোগে একটি অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার নির্মাণ করা হবে। রোগীরা স্বল্প খরচে সেখানে ডায়ালাইসিস করাতে পারবেন। বার্ন, ট্রমা, নিউরোসার্জারি হাসপাতালসহ বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার ইচ্ছে আছে।’ চসিকের মেমন মাতৃসদন হাসপাতাল পরিদর্শন শেষে গতকাল তিনি একথা জানান।

এ সময় চসিকের সিইও শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা উপস্থিত ছিলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি আমার মূল ইশতেহার ছিল। আমি এগুলো বাস্তবায়ন করব। মেমন মাতৃসদন হাসপাতালে ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল গড়ে তুলে বিশেষজ্ঞসহ প্রয়োজনীয় লোকবল দিয়ে স্বল্প মূল্যে ডেঙ্গু রোগীদের রক্ত পরীক্ষা ও চিকিৎসা দেয়া হবে। মশা নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডে রাস্তাঘাট পরিদর্শন করব আমি। পরিচ্ছন্ন বা স্বাস্থ্য বিভাগের কেউ দায়িত্বে অবহেলা করলে আমাকে জানাবেন, আমি শাস্তিমূলক ব্যবস্থা নেব। মশা মারতে এখন যেসব ওষুধ ব্যবহার করা হচ্ছে সেগুলোও আমি যাচাই করব। সেগুলো আসলে কাজ করছে কিনা! প্রয়োজনে মশা নিয়ন্ত্রণে নতুন ওষুধ ও নতুন প্রযুক্তি ব্যবহার করব।’