নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা ও ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দপুর গ্রামে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন ওই গ্রামের মৃত আউয়ালের স্ত্রী রাজিয়া সুলতানা (৪০) ও তার স্কুলপড়ুয়া ছেলে তালহা (৮)। আউয়াল চার বছর আগে মারা গেছেন। আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল হক হাওলাদার জানান, শনিবার রাতের কোনো একসময় এ ঘটনা ঘটতে পারে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠিয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতদের পরিচিত কেউ এ ঘটনা ঘটিয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।










