ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (১৬ আগস্ট) সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে এক দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মহাসচিব এই অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, আমরা দীর্ঘ লড়াই করেছি। তারপরে যদি মনে করেন যে, আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবেন। এখন পরিস্থিতি অত্যন্ত একটা ভাসমান অবস্থায় আছে। ভারতে বসে আছেন শেখ হাসিনা। যেকোনো মুহূর্তে তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন। ইতোমধ্যে চক্রান্ত শুরু করেছে, সেই চক্রান্ত প্রতিরোধ করাই আমাদের কাজ।
বিএনপি মহাসচিব বলেন, আমরা বিএনপি ১৭ বছর ধরে লড়াই করে তার একটা ভিত্তি তৈরি করেছি সেই ভিত্তির ওপরে দাঁড়িয়ে আমাদের ছেলেরা তরুণ-যুবক-ছাত্ররা আন্দোলন করে বিজয় নিয়ে এসেছে, বুকের রক্ত ঢেলে দিয়েছে। আবু সাঈদ থেকে শুরু করে আরো অনেকে, প্রায় হাজারখানেক শিক্ষার্থী প্রাণ দিয়েছে।
তিনি আরো বলেন, ৩-৫ আগস্ট আমাদের ছাত্রদলের বহু ছেলে প্রাণ দিয়েছে। আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম, তখন ১২৪ জন ছিল। আমি খবর নিয়ে দেখলাম যে, সেখানে ৯০ জন হচ্ছে ছাত্রদলের ছেলে। কিন্তু কখনো সংঘাত সৃষ্টি করা যাবে না। সকলকে এক হয়ে কাজ করতে হবে।










