রোজার পর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় রাত ৮টায় মার্কেট ও শপিংমল বন্ধ করতে হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, ‘নাগরিক নিরাপত্তা, বিদ্যুতের চাহিদাসহ নগরের ভারসাম্য বজায় রাখার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি।’
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ডিএনসিসির হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভা শুরুর আগে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ গুলশান নগরভবনের নিচতলায় প্রবেশপথের দেয়ালে স্থাপিত জুলাই গণ-অভ্যুত্থানের অমর স্মৃতি শিরোনামে ফটো গ্যালারি উদ্বোধন করেন। ফটো গ্যালারিতে ছবির মাধ্যমে ধারাবাহিকভাবে জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনা প্রবাহ উপস্থাপন করা হয়েছে।
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘ঢাকার প্রতিদিনের লড়াই খুব কাছ থেকে জানি। এখানে আমাদের ফুসফুসে বিশুদ্ধ বাতাসের বদলে জমে কালো ধোঁয়া আর ধূলা। শহরে খেলার মাঠ থাকলেও, খেলার সুযোগ নেই। বর্জ্য ব্যবস্থাপনা বা বিশুদ্ধ পানির মতো সাধারণ প্রয়োজনীয় জিনিস যা আমাদের অধিকার এখনও হয়ে আছে বিলাসিতা। শহরের অর্ধেক জনসংখ্যা নারী, কিন্তু শহর পরিকল্পনায় তারা উপেক্ষিত। শিশুদের জন্যও নিরাপদ এবং উপযুক্ত শহর গড়ার পরিকল্পনা নেই।’
ডিএনসিসি প্রশাসক আরো বলেন, ‘ঢাকাকে একটি বাসযোগ্য শহর করতে আমাদের নিশ্চিত করতে হবে- পরিবেশ যেন ভালো থাকে, বাতাস বিশুদ্ধ হয়, নদী-খালগুলো যেন বাঁচে, সবার জন্য উন্মুক্ত জায়গা যেন থাকে যেখানে শিশুরা খেলতে পারে, মানুষ হাঁটতে, বসতে পারে, রাস্তা, ড্রেনেজ, পানি, বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে কাজ করে।’
এ সময় তিনি বলেন, ‘আসন্ন বর্ষায় জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধার ও খননের উদ্যোগ নেয়া হয়েছে। ওয়াসা ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। ডিএনসিসির উন্নয়ন কার্যক্রমে গণতান্ত্রিক ব্যবস্থাকে গুরুত্ব দেয়া হবে। স্থানীয় জনসাধারণের এবং সকল অংশীজনদের মতামতের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রমের সিদ্ধান্ত নেয়া হবে। প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায্য নাগরিক সেবা নিশ্চিত করার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিবে ডিএনসিসি।’
অবৈধ ব্যানার পোস্টার অপসারণের বিষয়ে তিনি বলেন, ‘রাজপথ থেকে ব্যানার-পোস্টার অপসারণ করা হবে। পিভিসি ব্যানার সম্পূর্ণ নিষেধ, এটি পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। দেয়ালে দেয়ালে আঁকা জুলাই গ্রাফিতি রক্ষা করা হবে। পোস্টার ব্যানার লাগালে জরিমানা করা হবে।’ এছাড়া ডিএনসিসি দলীয় রাজনীতির প্রভাবমুক্ত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।










