নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকার রংধনু সিএনজি পেট্রোল পাম্প থেকে প্রাইভেট কারে গ্যাস নেয়ার সময় বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় প্রাইভেট কারটিতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে মারা গেছে জিহান নামে চার বছরের এক শিশু।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে। এতে ক্ষুদ্ধ এলাকাবাসী উত্তেজিত হয়ে রংধনু পেট্রোল পাম্প ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান জানান, শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে রংধনু সিএনজি পাম্প থেকে একটি প্রাইভেট কার গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে মুহুর্তের মধ্যেই প্রাইভেট কারটিতে আগুন ধরে যায়। গ্যাস নেয়ার সময় প্রাইভেট কারের দুই যাত্রী নিচে নেমে হাঁটাহাঁটি করছিল। কিন্তু চার বছরের শিশু জিহান গাড়ির ভেতরে ঘুমিয়ে ছিল। বিকট শব্দে গাড়িটিতে আগুন ধরে গেলে শিশুটিকে আর গাড়ি থেকে নামানো যায়নি। গাড়ির ভেতরেই আগুনে পুড়ে শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রাইভেট কারের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং প্রাইভেট কার থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এদিকে উত্তেজিত লোকজন রংধনু পেট্রোল পাম্পে ভাংচুর করে। পরে পুলিশ এসে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করে।
মারা যাওয়া শিশু জিহানের বাড়ি রূপগঞ্জের তারাবো পৌরসভার দেওয়ান এলাকায়। তার বাবার নাম শরীফ হোসেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, গ্যাস সিলিন্ডারটির কেন বিস্ফোরণ ঘটল, গাড়ির সিলিন্ডারটি মেয়াদ উত্তীর্ণ কিনা সেটি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে।










