সিরাজগঞ্জ সদর উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে গতকাল দুপুরে প্রণোদনার ঋণ বিতরণ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। এ উপলক্ষে জেলা বিআরডিবি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রথম পর্যায়ে ১৩ জন পল্লী উদ্যোক্তাদের মধ্যে ১৬ লাখ ২০ হাজার টাকা প্রণোদনার ঋণ দেয়া হয়।

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন। এ সময় সিরাজগঞ্জ বিআরডিবির উপপরিচালক জিহাদ খান, সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নুরুল হক ও সদর উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. আব্দুল খালেকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ বিআরডিবির উপপরিচালক জিহাদ খান জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষতিগ্রস্ত ৩৭ জনসহ পর্যায়ক্রমে জেলার নয়টি উপজেলার ১৮০ জন ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তার মধ্যে ২ কোটি ৯৮ লাখ ৩০ হাজার টাকার প্রণোদনা ঋণ বিতরণ করা হবে।