কক্সবাজারের টেকনাফে ৩ কেজি ১০০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন মিয়ানমারের মংডু মুন্নিপাড়ার বাসিন্দা ইমান হোসেনের ছেলে মো. আলম ও নুর মোহাম্মদের ছেলে মো. আয়াছ।

আজ শুক্রবার (৩১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বৃহস্পতিবার (৩০ মে) মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচার হতে পারে। ওই তথ্যে টেকনাফ ব্যাটালিয়নের চোরাচালান প্রতিরোধ টহল দল মেরিন ড্রাইভ সড়কের নোয়াখালীপাড়া নামক স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি অভিযান শুরু করে।

সন্ধ্যায় শাহপরীর দ্বীপ থেকে হাজমপাড়াগামী একটি সিএনজি চেকপোস্টের কাছে এলে তা তল্লাশির জন্য থামানো হয়। তল্লাশিকালে ওই সিএনজির পেছনে দুজন যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় তাদের হাতে থাকা একটি ব্যাগ থেকে ৩ কেজি ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবির এ কর্মকর্তা জানান।