বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, আগস্ট মাসে দেশের সাধারণ ও খাদ্য মূল্যস্ফীতির হার কমে এসেছে। মাসটিতে সাধারণ মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ, যা আগের মাসে ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ। আর খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৬ শতাংশ। এক মাস আগে যা ছিল ১৪ দশমিক ১০ শতাংশ।
রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিবিএস থেকে প্রকাশিত সর্বশেষ তথ্যে মূল্যস্ফীতির এমন চিত্র উঠে এসেছে।
সংস্থাটির তথ্যমতে, সাধারণ ও খাদ্যমূল্যস্ফীতির হার কমে এলেও গত মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার কিছুটা বেড়েছে। তবে গত জুলাই মাসে দেড় দশকের সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল দেশে। মূল্যস্ফীতি সর্বোচ্চ থাকা অবস্থায়ই ক্ষমতা ছাড়ে আওয়ামী লীগ।
মূলত আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় এমনটি ঘটেছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসায় মূল্যস্ফীতি আবার কমতে শুরু করেছে বলেও জানান তারা।










