দেশে একদিনে হাম উপসর্গে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৮ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২০ হাজার ৫৬২ জন।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ হিসাব শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৫৭। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৫৬ জনের মৃত্যু হয়েছে।

উল্লিখিত সময়ে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজন, চট্টগ্রামে ও ময়মনসিংহে একজন করে মারা গেছে। তবে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। এছাড়া ১ হাজার ১৪৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮১৪।

গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ রোগী ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৫২ হাজার ২২৫ জন।