অন্তর্বর্তীকালীন সরকারকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৫ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার ও নৈরাজ্য ঠেকাতে এ অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। দুই দিনের অবস্থান কর্মসূচির আজ শেষ দিন ছিল।

মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের ফসল, এ সরকারকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে, যত দিন তারা গণতন্ত্রের পক্ষে থাকবে। অবশ্যই বর্তমান সরকার নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ক্ষমতা হস্তান্তর করবে।

তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী কর্মকর্তা হয়েও যারা স্বৈরাচার সরকারের দোসর হয়ে কাজ করেছিলেন তাদেরকে বের করতে হবে, যারা চিহ্নিত সন্ত্রাসী এ সরকারের হয়ে সরকারে বসে থেকে কাজ করেছেন তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

শেখ হাসিনাকে ইঙ্গিত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইতিহাস বড় নির্মম, আল্লাহ তা’আলার বিচার বড় নির্মম। আল্লাহ তা’আলা চোখের সামনে দেখিয়ে দিলেন যে ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা ক্ষণস্থায়ী।

আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ৬৯, ৭১ দেখেছেন, ২৪ সাল দেখেছেন। দেখেছেন যে দেশের জনগণ কীভাবে জ্বলে উঠতে পারে। ভালোয় ভালোয় আত্মসমর্পণ করেন। যারা বাইরে আছেন এদিক-ওদিক করছেন ভালো হয়ে যান। বিচারের মুখোমুখি হতে হবে।