শহীদ আবরার ফাহাদের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে করা সংগ্রাম সারা দেশে ছড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘যারা নতুন করে আধিপত্যবাদী রাজনীতির পক্ষ নিচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াব।’

‘জনতার অধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে’ দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে গতকাল কুষ্টিয়ায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আবরার ফাহাদরা যে রকম বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, আমরা সেই বাংলাদেশ গড়ার সংগ্রামে আছি, আমরা আবরার ফাহাদের উত্তরসূরি। তিনি ছিলেন আমাদের প্রতিরোধের প্রথম প্রতীক। এই কুষ্টিয়ার সন্তান শহীদ আবরার ফাহাদ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম শুরু করেছিলেন, আজ তা সারা দেশে ছড়িয়ে গেছে। আমরা সেই পথেই হাঁটছি—গোলামি নয়, আমাদের লক্ষ্য আজাদি।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, কিন্তু বহু নীতিনির্ধারণে আমরা আজও পরোক্ষভাবে ভারতীয় আধিপত্যের ওপর নির্ভরশীল। যারা সেই আধিপত্যবাদের পক্ষ নেয়, তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। যারা আবার নতুন করে আধিপত্যবাদী রাজনীতির পক্ষ নিচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াব। জনগণও তাদের প্রত্যাখ্যান করবে। আমাদের কথা পরিষ্কার, আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই, স্বাধীন মর্যাদার বাংলাদেশ গড়তে চাই।’

গত ১ জুলাই রংপুর থেকে শুরু হওয়া এ ‘জুলাই পদযাত্রা’ দেশের উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন শহর ও জনপদ অতিক্রম করে গতকাল কুষ্টিয়া ও মেহেরপুরের বিভিন্ন স্থানে সমাবেশ ও পথসভা করে। এদিন সকালে কুষ্টিয়ায় ‘জুলাই আন্দোলনে’ নিহত ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে বেলা ১টার দিকে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে বিকালে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে পথসমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দেন।

এ সময় তিনি বলেন, ‘শেখ হাসিনার বিচার এবং সংস্কার ছাড়া এ দেশে কোনো নির্বাচন নয়। কিছু রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনকে পিছিয়ে দেয়ার জন্য। তারা সংস্কারও চায় না, বিচারও চায় না।’ দ্রুততম সময়ের মধ্যে সংস্কার ও বিচার শেষ করার জন্য অন্তর্বতী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

গাংনীর পথসভা শেষে মেহেরপুর শহরের দিকে যাত্রা করেন এনসিপি নেতারা। সন্ধ্যায় শহরের পদযাত্রা শেষে কলেজ মোড়ের পথসভার মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

গত রাতে এনসিপি নেতারা মেহেরপুরের মুজিবনগরে রাত্রিযাপন করেন। আজ মাগুরা, নড়াইল ও যশোর জেলায় পদযাত্রা কর্মসূচি পালনের কথা রয়েছে।

গতকালের জুলাই পদযাত্রায় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ডাক্তার তাসনিম জারা, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট সাকিল আহমাদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাসসুমসহ এনসিপির অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।