ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কিসের বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা পুলিশ ও ফায়ার সার্ভিস জানাতে পারেনি।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শামিমুল ইসলাম জানান, গতকাল দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় গণপূর্ত বিভাগের ইলেকট্রিক মিস্ত্রিরা কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনতে পান আদালতে থাকা উপস্থিত মানুষ। তারা ছুটে এসে দেখতে পান মালখানার দরজা, জানালা ভেঙে পড়েছে এবং ভেতরে আগুন জ্বলছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সেখান থেকে আহতাবস্থায় চারজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ইলেকট্রিক মিস্ত্রি শফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত শফিকুল ইসলাম সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামের বশির উদ্দিনের ছেলে।
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, হাসপাতালের আনার পর একজন মারা গেছেন। একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন, অন্য দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।










