কক্সবাজার শহরের বৈদ্যঘোনা-বইল্যা পাড়া এলাকায় উকৌশল্যা অগ্যমেধা বৌদ্ধমন্দির কম্পাউন্ডে মাদকসেবী কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কাউন্সিলর পুত্র সেজান নিহত হয়েছেন। তবে সেজানও মাদকাসক্ত ছিল বলে এলাকার লোকজন জানায়।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। নিহত ওই যুবকের নাম শাহজাহান প্রকাশ সেজান। তার পিতা নুর মোহাম্মদ মাঝু কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনিরুল গিয়াস বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত, কীভাবে জড়িত এখনো জানা যায়নি। জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সেজানকে ওই
এলাকায় নিয়ে আসা তার দূর সম্পর্কিত এক আত্মীয় খোরশেদ আলম নামের এক যুবককে পুলিশ এরই মধ্যে হেফাজতে নিয়েছে।
এলাকাবাসী জানায়, সেজান নুর মোহাম্মদ মাঝুর দ্বিতীয় স্ত্রীর ছেলে। তাকে তার মামা ও স্বজনরা লালনপালন করতেন। সেজান কক্সবাজার বায়তুশ শরফে এক সময় পড়াশোনা করতেন। পরে মাদকাসক্ত হওয়ার পর পড়ালেখা ছেড়ে দেন।









