যশোরে ১৩ কোটি টাকা মূল্যের স্বর্ণের একটি বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ছয়জনকে আটক করা হয়। আজ বুধবার ভোরে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় তিনটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১৫ কেজি ৮০০ গ্রাম ওজনের ১৩৫টি স্বর্ণের বার জব্দ করে বিজিবির সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন, বেনাপোলে দুর্গাপুর গ্রামের জাহিদুল ইসলাম (৩০), পুটখালী গ্রামের নাজমুল হোসেন (২৫), চাঁদপুর জেলার ঘাগড়া গ্রামের আরিফ মিয়াজী (৩৬), কুমিল্লার দাউদকান্দি উপজেলার নৈয়ার গ্রামের শাহজালাল (৩২), মাদারীপুরের বলশা গ্রামের আবু হায়াত জনি (২৮) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার রবিউল ইসলাম রাব্বি (২৯)। স্বর্ণের বারগুলো বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
বুধবার বিকালে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা জানতে পারেন ঢাকা থেকে তিনটি প্রাইভেট কারে যশোরের বেনাপোল দিয়ে স্বর্ণ পাচার হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একটি চৌকস দল শহরের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফাঁদ পাতে। ভোর ৪টার দিকে মেরুন ও সাদা রঙের পরপর তিনটি প্রাইভেট কারে তল্লাশি করে অভিনব কায়দায় রাখা ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করেন তারা। এ স্বর্ণের বাজার মূল্য ১৩ কোটি ৫৮ লাখ ৮০ হাজার টাকা। এই অঞ্চল দিয়ে পাচারকালে জব্দকৃত এটিই সবচেয়ে বড় স্বর্ণের চালান বলে দাবি করেন তিনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে যশোর সীমান্ত দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এগুলো পাচার করে মার্কিন ডলার নিয়ে ঢাকায় ফেরত যাওয়ার কথা ছিল তাদের।
এর আগে গত ২০ মে বিজিবি যশোরের চৌগাছা সীমান্ত থেকে ১৪ কেজি ৪৫০ গ্রাম ওজনের ১২৪টি স্বর্ণের বারসহ শাহ আলম নামে একজনকে আটক করা হয়েছিল। জব্দ করা ওই স্বর্ণের দাম ছিল ১০ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা।










