ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজাদের ইটের আঘাতে চাচা মখলেছুর রহমান (৪৮) নিহত হয়েছেন। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। নিহত মখলেছুর রহমান ওই গ্রামের আকবর বিশ্বাসের ছেলে।

নিহতের স্বজন আনিছুর রহমান জানান, মোহাম্মদপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আলম পারিবারিক গোরস্তানে ঘর তৈরি করছেন। মখলেছুর রহমান ঘর তৈরিতে বাধা দিয়ে আসছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে ফজলুর রহমানের পরিবার ও মখলেছুর রহমানের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গতকাল বিকালে দুই পরিবারের লোকজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সে সময় ফজলুর রহমানের ছেলেদের ইটের আঘাতে মখলেছুর রহমান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্ব পালনকারী চিকিৎসক মুসলিমা স্বপ্নীল জানান, মখলেছুর রহমানকে যখন নিয়ে আসা হয়েছিল, তখন তাকে আমরা মৃত অবস্থায় পাই। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নারীসহ আরো তিনজন আহত অবস্থায় আসেন। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে মারামারিতে মখলেছুর রহমান নামে একজন নিহত হয়েছেন। দোষী ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে।