তিন বছরের শিশু শ্যালককে ঢাকার যাত্রাবাড়ী থেকে অপহরণ করে যশোরে নেয়ার পথে নির্যাতন করে হত্যা করেছে মাদকাসক্ত এক যুবক। যাত্রাবাড়ীর মাতুইল জঙ্গলবাড়ী এলাকার মীর আবু বকর ফরিদকে গতকাল দুপুরে এ অভিযোগে যশোর জেনারেল হাসপাতাল থেকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত রেহান ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইল খুরিয়াবাড়ী এলাকার ওমর বাবুর্চির ছেলে।

যশোরের সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, গতকাল দুপুর ১টার দিকে অসুস্থ রেহানকে যশোর জেনারেল হাসপাতালে ছেলে পরিচয়ে ভর্তি করে ফরিদ। দুপুর ১টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়। রেহানের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ক্ষত দেখে হাসপাতালের চিকিৎসক ও সেবিকাদের সন্দেহ হয়। এ সময় হাসপাতাল থেকে পুলিশে খবর দেয়া হলে ফরিদকে আটক করা হয়।

ওসি আরো জানান, জিজ্ঞাসাবাদে আটক ফরিদ তার বাড়ি যাত্রাবাড়ী জানালে সেখানে খোঁজ নিয়ে জানা যায়, শ্বশুরালয়ে টাকা নিয়ে কোন্দলে সোমবার শিশু শ্যালককে অপহরণ করে আবু বকর ফরিদ। অপহরণের পর শিশুটিকে নিয়ে যশোরের ঝিকরগাছায় বোনের বাড়িতে যাচ্ছিল ফরিদ। যশোরে আসার পথে শিশুটির ওপর নির্যাতন করে সে।