রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

আজ দুপুরে হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং কোনো ধরনের ব্যবস্থাপনা ত্রুটি বা গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মহাপরিচালক জানান, প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, জন্মের পর সব শিশুই সুস্থ ছিল। পরে পোস্ট ডেলিভারি ওয়ার্ডে অবস্থার অবনতি হলে তাদের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন শিশুদের মৃত্যু হয়।

তিনি আরো জানান, ঘটনাস্থলে ১১ জন প্রসূতি ছিলেন। মৃত ছয় নবজাতক একই কক্ষে চিকিৎসাধীন ছিল। শিশুগুলোর বয়স ছিল এক-তিন দিনের মধ্যে।

তিনি আরো বলেন, ভোরে রুমটিতে এসি জটিলতা অথবা যেকোনো কারণেই হোক ওখানে দমবন্ধকর পরিবেশ পেয়েছি। সেখানে এসি এমনভাবে ছিল যে বন্ধ করলে আর কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা নেই। এরকম একটি পরিস্থিতির মধ্যে শিশুরা ছিল। এমন পরিস্থিতিতে আমরা ভোরবেলায় ছয় শিশুকে হারিয়েছি।

ঘটনার কারণ ও সম্ভাব্য গাফিলতি নিরূপণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার উপপরিচালক এবং অধিদপ্তরের একজন কর্মকর্তাকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. জাহিদ রায়হানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।