বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বিএনপি একটি মডারেট দল। এই দলের মধ্যে আমরা এমন একটি ইউনিটি সৃষ্টি করে রেখেছি। আমরা নির্বাচনের কথা প্রাধান্য দিচ্ছি। বিএনপি এককভাবে ক্ষমতায় এলেও এককভাবে দেশ পরিচালনা করবে না। ৩১ দফার ভিত্তিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের মাধ্যমে আমরা দেশ পরিচালনা করতে চাই। সেখানে যথেষ্ট সংস্কারের কথা উল্লেখ রয়েছে। এ সংস্কারগুলো ইদানীং খুব প্রয়োজন, যা বর্তমান সরকারও বলেছে।’

আজ মঙ্গলবার (৪ মার্চ) বিকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম করেছি, যুগপৎ আন্দোলন করেছি। সবাই মিলে জাতীয় ঐক্যবদ্ধের সরকার গঠন করব। জাতি ঐক্যবদ্ধ থাকবে এটাই বিএনপির পরিকল্পনা।’

তিনি আরো বলেন, ‘স্থিতিশীলতার জন্য বাংলাদেশে স্বাভাবিক রাজনীতি, সুন্দর সামাজিক পরিবেশ ও অর্থনৈতিক শৃঙ্খলা দরকার। দ্রব্যমূল্যের যেন ঊর্ধ্বগতি না হয় ও উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সবকিছু মিলেই ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়তে হবে। বিগত সরকার দেশটাকে পেছনের দিকে নিয়ে গেছে। সেখান থেকে উদ্ধার করে আমাদেরকে আসতে হলে একদিকে সংস্কার প্রয়োজন। আরেকদিকে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন। একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা তাকিয়ে আছি। বিএনপি এ দেশের একটি জনপ্রিয়, আধুনিক ও মডারেট দল। এ যুগের মডারেট সংগঠন বিএনপি।’

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘৫ আগস্টের পর দেশে রাজনৈতিক গুণগত পরিবর্তন হয়েছে। এখন দেশের মানুষ রাজনৈতিক নেতৃত্বের গুণগত পরিবর্তন চায়। বিএনপির মতো মডারেট দল যদি এটি দিতে না পারে, আর কেউ পারবে না। দেশের প্রয়োজনে জাতীয়তাবাদের ভিত্তিতে যে কথা বলা দরকার আমরা তাই সহজভাবে মানুষের মাঝে তুলে ধরি। সাধারণ মানুষ সাধারণ ভাষায় আমাদের কথা শুনতে চায়। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ কেউ যেন বাংলাদেশ নিয়ে আর ষড়যন্ত্র করতে না পারে, সেদিকে সবাই লক্ষ্য রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে ও কলেজ রোড ক্রীড়া সংঘের উপদেষ্টা মাহবুব আলম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি আব্দুর রব শামীম, মহসিন কবীর স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রাজু ও আব্দুল্লাহ আল খালেদ প্রমুখ।

লক্ষ্মীপুর কলেজ রোড ক্রীড়া সংঘের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে ৭ টি গ্রুপে ৩০ দল খেলায় অংশ নেয়। পরে চ্যাম্পিয়ন নীল টেক্সট স্পোর্টিং ক্লাব ও রানার্স আপ ড্রিম এ্যালেভেন্ট মান্দারী ক্লাবকে পুরস্কার তুলে দেন অতিথিরা।