গাজীপুরের রাজেন্দ্রপুর রেঞ্জ ও বিট অফিসে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ রুবেল হোসেন নামে এক যুবককে আটক করেছে ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত রেঞ্জ অফিস, সদর বিট অফিস এবং স্টাফ কোয়ার্টারে এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

আটককৃত রুবেল হোসেন রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকার বাসিন্দা রমিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজেন্দ্রপুর পূর্ব বিট সংলগ্ন বাজারের একটি রাস্তা সংস্কারের সময় বিট অফিসের কর্মকর্তারা বাধা দেন। পরে টাকা নিয়ে কাজ চালানোর অনুমতি দিলেও, পরবর্তীতে আবারো বাধা দেন এবং এক ব্যক্তির নামে মামলা করেন। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়, যা এক পর‌্যায়ে হামলায় রূপ নেয়।

রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ৫০-৬০ জন লাঠিসোটা হাতে অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা রেঞ্জ অফিসে থাকা একটি মোটরসাইকেল, ল্যাপটপ এবং জানালার কাঁচ ভাঙচুর করে। এছাড়া বিট অফিস থেকে একটি ল্যাপটপ নিয়ে যায়। এ সময় এক বন কর্মী ও রেঞ্জ কর্মকর্তাকে লাঞ্ছিত করা হয় এবং হত্যার হুমকি দেয়া হয়।

হামলার শিকার বন কর্মী আক্তার হোসেন বলেন, আমরা রেঞ্জ অফিসে অবস্থান করছিলাম, তখন হঠাৎ লাঠিসোটা হাতে বেশ কিছু লোকজন দৌঁড়ে এসে গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। আমি গেট লাগানোর চেষ্টা করছিলাম কিন্তু তার আগেই তারা অফিসের ভিতরে ঢুকে ভাংচুর শুরু করে। আমি তাদের কয়েকজনকে দেখলে চিনতে পারব, তবে কারো নাম জানি না।

রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা নাছিমা আক্তার বলেন, হামলার সময় আমি আমার অফিসে বসে ছিলাম। দেখি, বেশ কিছু লোকজন লাঠিসোটা হাতে নিয়ে অফিসের ভেতরে ঢুকে ভাংচুর করছে। আমি বাধা দিয়ে তাদের শান্ত করার চেষ্টা করলে তারা আমার ওপরও চড়াও হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।