করোনা আতঙ্কে গত বছর এ সময় মিলাররা চালের দাম বাড়িয়ে দেয়ায় বিপাকে পড়েন ব্যবসায়ী ও ক্রেতারা। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ চলাকালে এখন বাজারে চালের দাম কমতে শুরু করেছে। ১৫ দিনের ব্যবধানে প্রতি বস্তায় (৫০ কেজি) মানভেদে মূল্য কমেছে ১০০-৪০০ টাকা।
চলতি বছর ব্যবসায়ীরা বাজারে নতুন চাল আমদানি শুরু করায় দাম নিম্নমুখী। এদিকে চালের দাম কমতে থাকায় মধ্য ও নিম্নমধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে দেখা গেছে স্বস্তির নিঃশ্বাস। বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের সার্বক্ষণিক মনিটরিংয়ের দাবি তাদের।
১৫ দিন আগে স্বর্ণা চাল (৫০ কেজি) বস্তাপ্রতি মূল্য ছিল ২ হাজার ৩০০ টাকা। বর্তমানে তা ২০০ টাকা কমে ২ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন স্বর্ণা (মোটা) চাল ১ হাজার ৮৮০ থেকে ১ হাজার ৯৫০ টাকা, বিআর ২৮ জাতের চাল ২ হাজার ৫০০ টাকা থেকে কমে বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ টাকয়া। তবে নতুন চাল ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। মিনিকেট চালের দাম কমেছে ৫০০ টাকা। ৩ হাজার ৩০০ টাকা থেকে কমে এখন বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ টাকা। এছাড়া পাইজাম চাল ২ হাজার ৪০০ টাকা থেকে কমে ২ হাজার ১৮০ টাকা/ ২ হাজার ২৫০ টাকা এবং মোটা চাল ১ হাজার ৯৫০ টাকা পাইকারিতে বিক্রি হচ্ছে। নাজির চাল (২৫ কেজি) বস্তা বিক্রি হচ্ছে ১ হাজার ৫৫০ টাকা দরে। এদিন খুচরা বাজারেও মুদি ব্যবসায়ীদের কেজিপ্রতি ৪-৬ টাকা মূল্য হ্রাসে বিক্রি করতে দেখা যায়।










