কক্সবাজারে পাহাড় ধসে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) ভোরে বাদশাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন আনোয়ার হোসেন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী মাইমুনা আকতার।
স্থানীয়রা জানান, মায়মুনা ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বৃহস্পতিবার রাত ১০টা থেকে ভারী বর্ষণ হচ্ছিল। পাহাড়ের পাদদেশে তাদের বাড়ি ছিল। পাহাড় ধসে তাদের মর্মান্তিক মৃত্যু হয়।
আনোয়ার হোসেনের মা মমতাজ বেগম বলেন, ‘আমার ছেলে বাদশাঘোনা ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন ছিল। রাতে যখন ভারী বৃষ্টি শুরু হয়, তখন আমি পাশে আমার বাড়িতে চলে আসার জন্য বলেছিলাম। কিন্তু সমস্যা হবে না বলে ঘুমানোর জন্য চলে যায়।’
স্থানীয় বাসিন্দা নুরুল হোসেন বলেন, ‘ঘটনাটি খুবই হৃদয়বিদারক। ভোরের দিকে আমরা কান্নাকাটি শুনে ছুটে যাই। গিয়ে মাটির নিচে স্বামী-স্ত্রীর মরদেহ দেখতে পাই। এলাকার লোকজন ডেকে আমরা মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিই।’
কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি টিম। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল হান্নান বলেন, ‘দুদিন ধরে কক্সবাজারে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আরো কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে।’
এর আগে গত ১৯ জুন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ১০ জনের মৃত্যু হয়।










