বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ রোববার রাত ১০টার দিকে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো চিঠিতে এ নিয়োগের বিষয়টি জানায় কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারার প্রদত্ত ক্ষমতাবলে আপনাদের ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেয়া হল।

খুরশীদ আলম ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নিয়োগ পান। ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বিক্ষোভের মুখে তিনিসহ ঊর্ধ্বতন চার কর্মকর্তা পদত্যাগে বাধ্য হয়েছিলেন।