কক্সবাজারের শামলাপুর সমুদ্রসৈকতে ভেসে এসেছে বিশাল আকারের তিমির মৃতদেহ।

শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যার পরে তিমির মৃতদেহটি জেলেদের চোখে পড়ে। এটি জোয়ারের পানিতে ভেসে এসে বালিয়াড়িতে আটকা পড়ে। খবর পেয়ে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করে।

শামলাপুর নৌকা মালিক সমিতির সভাপতি বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, 'জেলেরা ধারণা করছেন সপ্তাহ দুয়েক আগে তিমিটি মারা গিয়ে, ভাটার সময় মৃতদেহ বালিয়াড়িতে ভেসে এসেছে। মৎস্য কর্মকর্তারা আসলে তাদের সাথে কথা বলে আরও বিস্তারিত জানা যাবে।

সেভ দ্য নেচার অব বাংলাদেশের টেকনাফ উপজেলা সভাপতি জালাল উদ্দিন চৌধুরী বলেন, 'শুক্রবার বিকেলের দিকে মৃত তিমির দেহ সৈকতের বালিয়াড়িতে ভেসে আসে। কিন্তু যে জায়গায় উঠেছে সেখানে মানুষের সমাগম কম বলে প্রথমে কারো নজরে আসেনি। অবশেষে সন্ধ্যার পরপরই জেলেরা নৌকার ঘাটে এলে তিমির মৃত দেহ দেখতে পায়। 

তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে মেপে দেখা হয়েছে এই মৃত তিমিটি লম্বায় ২৩ ফুট ও চওড়া ৫ ফুট। মাছটির শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ পচে পানিতে ভেসে যাচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে।

কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান বলেন, উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তাদের অবগত করেছি। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

এ রিপোর্ট লেখাকালিন রাত ১১ টায় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো: পারভেজ চৌধুরী মৃত তিমি মাছ পরিদর্শন করেছেন।