নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোবাইল চুরির অপবাদ দিয়ে দিনভর আটকে রেখে  রাসেল মিয়া নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী পুরান আইলপাড়া এলাকায় শুক্রবার এ ঘটনা ঘটে। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রাসেল মিয়া একটি কারখানায় পাইপ ফিটারের কাজ করতেন। রাসেল বৃহস্পতিবার রাতে বাসায় ফেরি আসেনি। শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে রাসেলকে মোবাইল চুরির অভিযোগে স্থানীয় সোহাগ ও রফিকসহ একদল যুবক মারধর করে আটকে রাখে। খবর পেয়ে রাসেলের স্বজনরা শুক্রবার সন্ধ্যায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত রাসেলের পরিবারের অভিযোগ, পূর্বশক্রতার জের ধরে রাসেলকে পরিকল্পিতভাবে চুরির অপবাদ দিয়ে নির্যাতনে হত্যা করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, সেলফোন চোর সন্দেহে রাসেলকে আটক করে দিনভর মারধর করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত রাসেলের নানি বাদী হয়ে গতকাল দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন।