টানা ১২ তম বারের মতো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্ব আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় এ আয়োজন করা হবে।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারস্থ বেসিস অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আজ থেকেই প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির বলেন, বাংলাদেশের উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিগত দক্ষতা বিশ্ব মঞ্চে তুলে ধরতে বেসিস এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা টানা তিনবারসহ মোট চারবার বিশ্বসেরা হয়েছে। এটি আমাদের তরুণ প্রতিভাবানদের মেধারই প্রমাণ।

রাফেল কবির আশাবাদ প্রকাশ করে বলেন, আমাদের শিক্ষার্থীরা এবারো সৃজনশীলতা ও উদ্ভাবনী সমাধানের মাধ্যমে বিশ্বকে মুগ্ধ করবে। প্রতিযোগিতার মাধ্যমে নতুন নতুন উদ্ভাবন ও দক্ষতা বেরিয়ে আসে।

সংবাদ সম্মেলনে রাফেল কবির আরো বলেন, আমরা শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরিতে কাজ করছি। ১২ তম বারের মতো প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছি, যা আমাদের জন্য একটি বড় অর্জন।

তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা সব ক্ষেত্রে ভালো করছে। ভবিষ্যতে মহাকাশ গবেষণায়ও তারা নেতৃত্ব দেবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বেসিস ও বেসিস স্টুডেন্টস ফোরামের বিভিন্ন সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।