সাবেক আমিরের মৃত্যুতে কাতার আজ থেকে চারদিনের শোক পালনের ঘোষণা দিয়েছে। এ সময় দেশটির সরকারি, বেসরকারি সব সংস্থায় কাজ বন্ধ থাকবে আর জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। দেশটির আমিরের কার্যালয় এক বিবৃতিতে গতকাল এ খবর জানানো হয়।
এদিকে কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানসহ বেশ কয়েকটি দেশের নেতারাও শোক জানিয়েছেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তার নেতৃত্বে কাতার একটি আধুনিক, সমৃদ্ধ ও বিশ্বে সম্মানিত রাষ্ট্রে পরিণত হয়। আঞ্চলিক শান্তি, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতায় তার অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তিনি বলেন, ‘পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ ও জনগণের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের ভিত্তিতে বাংলাদেশ ও কাতারের দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরো সুদৃঢ় হয়েছে।’ শোকবার্তায় প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
প্রসঙ্গত, শেখ হামাদ ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেছেন। জ্বালানিসমৃদ্ধ দেশটির চোখ ধাঁধানো উন্নয়নের একজন গুরুত্বপূর্ণ কারিগর তিনি। তাকে আধুনিক কাতারের স্থপতি ধরা হয়। তিনি কাতারের বর্তমান আমিরের বাবা। শেখ হামাদের শাসনামলে কাতারের অর্থনৈতিক, সামাজিক আর সাংস্কৃতিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়। এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশটির মর্যাদা বাড়িয়ে তোলে। তার হাত ধরে কাতার একটি ধনী রাষ্ট্রে পরিণত হয়। তিনি আমির থাকাকালে ১৯৯৬ সালে বিশ্বজুড়ে পরিচিত নিউজ চ্যানেল আল জাজিরার কার্যক্রম শুরু হয়। আল জাজিরা বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম। তার সময়েই কাতারের প্রথম স্থায়ী সংবিধান ঘোষণা করা হয়। দেশটিতে সিটি করপোরেশন ও পৌরসভার নির্বাচনও তার সময়েই শুরু হয়। এ নির্বাচনে নারীদের ভোট দেয়ার ও তাদের প্রার্থী হওয়ার অনুমতি দেয়া হয়। ২০১৩ সালে শেখ হামাদ ক্ষমতা ছেড়ে দেন।










