নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে দশম শ্রেণীর ছাত্রীকে (১৬) অপহরণের ঘটনায় আল-আমিন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আল-আমিন কুমিল্লার দেবীদ্বারের পূনরায় গ্রামের বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে। আল-আমিন সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা এলাকায় ভাড়া বাসায় থাকেন। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার ও অপহৃতকে উদ্ধার করা হয়। গতকাল বিকালে র্যাব-১১-এর মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়, দশম শ্রেণীর ছাত্রীকে অভিযুক্ত আল-আমিন বিয়ের প্রস্তাব দেন। ওই ছাত্রী ও তার পরিবার তা প্রত্যাখ্যান করে। এরই পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ৩ আগস্ট সকালে আসামি ও তার অন্য সহযোগীরা পরস্পর যোগসাজশে ওই ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন। পরবর্তী সময়ে র্যাব-১১-এর সিপিএসসির গোয়েন্দা টিম এ ব্যাপারে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আসামিকে বৃহস্পতিবার রাতে শিমরাইল এলাকা থেকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।









