সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। গতকাল জাপার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। জিএম কাদেরের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী বার্তাটি পাঠিয়েছেন।
এদিকে শামীম হায়দার পাটোয়ারীকে দলের মহাসচিব করার পর দলের জ্যেষ্ঠ তিন নেতা আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার ও মো. মুজিবুল হক চুন্নুকে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দিয়েছেন জাপা চেয়ারম্যান। চুন্নুকে মহাসচিবের পদ থেকে অব্যাহতি দেয়ার ১ ঘণ্টার মাথায় তিন নেতাকে একসঙ্গে অব্যাহতির সিদ্ধান্ত জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
জাপার কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলের গত ২৫ জুনের মতবিনিময় সভায় জেলা, মহানগর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকরা সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও মো. মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। ২৮ জুন দলের প্রেসিডিয়াম সদস্যদের সভায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই তিন নেতাকে সব পদ-পদবি থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ অবস্থায় পার্টির চেয়ারম্যান গঠনতন্ত্রের ক্ষমতাবলে সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মো. মুজিবুল হককে অব্যাহতি দিয়েছেন। এ সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর করা হয়েছে।’
এদিকে অব্যাহতি পাওয়ার কিছুক্ষণ আগে জাতীয় পার্টির দুই জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার বর্তমান মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব পদে নিয়োগের বিরোধিতা করে বিবৃতি দেন। বিবৃতিতে তারা এ নিয়োগকে চরম অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং গঠনতন্ত্রের সরাসরি লঙ্ঘন বলে অভিযোগ করেন। তারা বলেন, এটি এক ব্যক্তিকেন্দ্রিক স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ, যা পার্টির অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে।
তারা আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নুই জাতীয় পার্টির বৈধ ও সম্মানিত মহাসচিব। ঘোষিত কাউন্সিলের আগে চেয়ারম্যানের একক সিদ্ধান্তে কোনো নিয়োগ বা বহিষ্কার কার্যকর নয়। জাতীয় পার্টিকে ব্যক্তি নয়, গঠনতন্ত্র ও আদর্শে পরিচালিত হতে হবে। দলে গণতন্ত্র, শৃঙ্খলা ও সম্মিলিত নেতৃত্ব ফিরিয়ে আনাই এখন সময়ের দাবি।’
জাপার নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তিনি একসময় দলের প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দলটির অতিরিক্ত মহাসচিব ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি দলটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ২০১৮ সালের মার্চে গাইবান্ধা-১ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন। এরপর ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের বিতর্কিত নির্বাচনেও তিনি একই আসন থেকে সংসদ সদস্য হন। ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে একই আসনে জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচন করে হেরে যান তিনি।
২০২১ সালের ২ অক্টোবর জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু মারা গেলে ওই বছরের ৯ অক্টোবর ওই পদে চুন্নুকে নিয়োগ দিয়েছিলেন জিএম কাদের।
কিছুদিন ধরে নেতৃত্ব নিয়ে দলটির জ্যেষ্ঠ নেতাদের দুটি অংশের মধ্যে উত্তেজনা চলছে। গত মাসে সম্মেলনের ঘোষণাকে ঘিরে বিষয়টি অনেকটা প্রকাশ্যে চলে আসে। সেই উত্তেজনার মধ্যেই জিএম কাদের দলের মহাসচিব পদে শামীম হায়দার পাটোয়ারীকে নিয়োগ দিলেন।
গত ২৮ জুন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাপার সম্মেলন হওয়ার কথা ছিল। মিলনায়তন না পাওয়ার কথা উল্লেখ করে ১৬ জুন জিএম কাদের সম্মেলন স্থগিত করেন। কিন্তু আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ আগের ঘোষিত তারিখেই সম্মেলন করার ঘোষণা দেন। যদিও পরে তারা সে সিদ্ধান্ত থেকে সরে আসেন।










