পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক সেটা আমরা চাই না। আমরা চাই বিচারের মাধ্যমে অপরাধীর শাস্তি হোক। তবে মাঝে মধ্যে এক-দুটি দুর্ঘটনা ঘটে যায়। সরকার এ বিষয়ে সজাগ রয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট সদর উপজেলার বাইশটিলা জলাশয়ে মৎস্য অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ২০২০-২১ সালের অর্থবছরের রাজস্ব বাজেটের অর্থায়নে ও সিলেট সদর উপজেলার মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এই পোনামাছ অবমুক্ত করা হয়।

শাহেদ, সাবরিনার মতো অপরাধীদের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দেশে যখনই অন্যায়-দুর্নীতি হয় তখনই সরকার সরকার শক্ত হাতে তাদের দমন করে। বিশ্বের বিভিন্ন দেশেও দুর্নীতি হয়। তবে সে দেশের সরকার ও আইনশৃঙ্খলাবাহিনী তা কঠোরভাবে দমন করেন।

অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) শেখ আজবাহার আলী, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ, সিলেট সিটি কাউন্সিলর অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা  মহিলা ভাই চেয়ারম্যান শামীমা আক্তার প্রমুখ।

মৎস্য অবমুক্তকরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মন্ত্রী গোয়াইনঘাট উপজেলায় প্রবাসী উদ্যোগে নির্মিত একটি রিসোর্টের উদ্বোধন করেন।