লক্ষ্মীপুরের দত্তপাড়ায় আলোচিত যুবদল নেতা আনোয়ার হোসেন হত্যা মামলায় সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ১১ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন দত্তপাড়া ইউনিয়নের সাবেক সদস্য আজিজ মেম্বার ও তার ছেলে সবুজ, বিল্লাল হোসেন বিপ্লব, ইব্রাহিম, মানিক, ইসমাইল হোসেন এবং একই ইউনিয়নের আবুল কাশেম মেম্বার। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ইসমাইল ও আবুল কাশেম মেম্বার আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।

জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রত্যেকের বিরুদ্ধে দণ্ডবিধি ৩০২/১০৯ ধারায় অপরাধী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

নিহত আনোয়ার হোসেন দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত আবদুল বাতেনের ছেলে এবং প্রয়াত ইউপি চেয়ারম্যান নুর হোসেন শামীমের ছোট ভাই। তিনি ওই ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৪ জুন সন্ধ্যা ৭টার দিকে দত্তপাড়া বাজারে প্রয়াত দত্তপাড়া ইউপি চেয়ারম্যান নুর হোসেন শামীমের নির্বাচনী অফিসে তার ভাই আনোয়ার হোসেন বসে ছিলেন। এ সময় ঘটনার সঙ্গে জড়িতরা নির্বাচনী অফিসে হামলা করে আনোয়ারের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরদিন তার বড় ভাই মো. আশেক ই এলাহী ওরফে বাবুল বাদী হয়ে দত্তপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. আবদুল আজিজ মেম্বারকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০-১২ জনের নামে সদর থানায় হত্যা মামলা করেন।