পুলিশের চার উপমহাপরিদর্শককে (ডিআইজি) অবসরে পাঠিয়েছে সরকার। জনস্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর বাসস।
আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
অবসরে পাঠানো ডিআইজিরা হলেন— এন্টি টেররিজম ইউনিটে কর্মরত মো. নিশারুল আরিফ, নৌ পুলিশে কর্মরত মো. আব্দুল কুদ্দুছ আমিন, হাইওয়ে পুলিশে কর্মরত মো. আজাদ মিয়া ও আমেনা বেগম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে তাদের অবসরে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী, তারা অবসর সংক্রান্ত সব সুবিধা পাবেন।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।










