মুন্সিগঞ্জের শ্রীনগরে পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেলতলী এলাকা থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, সকালে স্থানীয়রা ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়, পরে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে পরিচয় শনাক্ত করা হয়েছে।
নিহত ইজ্জত আলী গাজীপুর সদর উপজেলার স্থানীয় বাসিন্দা আব্দুল খালেকের ছেলে ও পেশায় দিনমজুর বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










