ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন শিশু। আজ সোমবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে শিশুসহ তিনজন প্রাণ হারান। আহত দুজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজন মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চ্দ্র বিশ্বাস।

নিহতদের মধ্যে দুজন হলেন জেলার সরাইল উপজেলা বড়ইবাড়ি এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২৭) ও একই এলাকার নাজমুল মিয়ার ছেলে জিলানী (৮)। দুপুর তিনটা পর্যন্ত বাকি নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

খাঁটিহাতা হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনির হোসেন জানান, সোহাগপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়৷ এতে ঘটনাস্থলে তিনজন হন। পরে আহত একজন হাসপাতালে মারা যান।

তিনি আরো জানান, নিহত দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা গেলেও চালককে আটক করা যায়নি।