বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত অসহযোগ কর্মসূচি ঘিরে সংঘাত-সংঘর্ষে রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে দুজন মারা গেছেন। তারা হলেন মো. মিরাজ (২৫) এবং আব্দুল্লাহ সিদ্দিক (২৩)। এ ছাড়াও সংঘর্ষের ঘটনায়  তিন শতাধিক মানুষ আহত হয়েছেন, যাদের বেশিরভাগই গুলিবিদ্ধ।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মো. মিরাজ বুকে ও পেটে গুলিবিদ্ধ হন মিরপুর ১০ নম্বরে আলোক হাসপাতালের সামনে। তার মরদেহ ঢামেকে আনা হচ্ছে। এছাড়া নিহত আরেকজন আব্দুল্লাহ সিদ্দিক। তিনি সায়েন্সল্যাব ও জিগাতলা রোডের মাঝামাঝি স্থান থেকে গুলিবিদ্ধ হন। তার পিঠ দিয়ে গুলি ঢুকে বুক দিয়ে বেরিয়ে গিয়েছে। এছাড়া ও তার পেটে আরেকটি গুলি রয়েছে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ঢামেক হাসপাতালে ৯৫ জন ভর্তি হয়েছেন, তার মধ্যে ৪৫ জন গুলিবিদ্ধ।

এদিকে সংঘাত সংঘর্ষের ঘটনায় ৫০ জন গুলিবিদ্ধ হয়ে মিরপুর ১০ নম্বরের আলোক হাসপাতালে রয়েছেন। এছাড়াও আরো আহতরা আশেপাশের বিভিন্ন হাসপাতলে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।