টাঙ্গাইলের মধুপুরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমাম ও মোয়াজ্জেম নিহত হয়েছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পাহাড়ী বনাঞ্চলের টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদের বড়বাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার শালুচড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে হাবিবুর রহমান (২০) এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুরাদপট্টী চুয়ালীপাড়া গ্রামের মুহাম্মদ শহীদুল শিকদারের ছেলে হাফেজ হাসান সিরাজী (১৮)।
তারা দুজনেই উপজেলার বড়বাইদ এলাকার জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদীস মাদ্রাসা ও এতিমখানা প্রথম বর্ষের ছাত্র এবং স্থানীয় কাকরাইদ রামকৃষ্ণ বাড়ি মসজিদে হাবিবুর রহমান ইমামতি ও হাসান সিরাজী মোয়াজ্জিনের দায়িত্বে ছিলেন।
স্থানীয়রা জানান, তারা দুইজন মাদ্রাসার ছাত্র। পড়াশোনার পাশাপাশি কাকরাইদ রামকৃষ্ণ বাড়ি মসজিদে ইমামতি ও মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। ভোরে মসজিদে আযান দেয়ার জন্য মাদ্রাসা থেকে তারা মোটরসাইকেলযোগে মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় পিকআপ জব্দ করা হলেও চালক পালিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।










