এর আগে জাতীয় নির্বাচনে কখনো ভোট দেয়া হয়নি। যদিও অনেক আগেই ভোটার হয়েছি। এবারই প্রথম আমি জাতীয় নির্বাচনে ভোট দিতে যাব। এখানকার বিভিন্ন দলের প্রার্থীদের যতগুলো নির্বাচনী ইশতাহার দেখেছি, এর মধ্যে আমার পছন্দের প্রার্থী একজন আছেন, যাকে আমি ভোট দেব।

আমি এবারের ইশতাহারগুলোতে একটা জিনিস মিসিং দেখেছি—রাঙ্গামাটিতে নারী উদ্যোক্তারা খুব ভালো কাজ করছেন, কিন্তু কারো ইশতাহারে নারী উদ্যোক্তাদের জন্য নির্দিষ্ট করে উদ্যোগ নেয়ার কোনো প্রতিশ্রুতি দেখিনি। পর্যটন শহর হিসেবে রাঙ্গামাটি খুবই বিখ্যাত। কিন্তু এ খাত নিয়েও নির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি নেই।

আশা করব, যিনিই জনপ্রতিনিধি নির্বাচিত হোন না কেন, গুরুত্বপূর্ণ এই দুটি বিষয়—পর্যটন ও নারী উদ্যোক্তাদের নিয়ে তারা বিশেষভাবে কাজ করবেন।

এখন পর্যন্ত যা দেখছি, রাঙ্গামাটিতে নির্বাচনের জন্য নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক আছে। আমরা খবরে সারা দেশের ঘটনা প্রতিনিয়ত দেখছি, সেটি নিয়ে কিছু বলা মুশকিল হলেও রাঙ্গামাটির ভোট নিয়ে আমরা শঙ্কিত নই। মনে হচ্ছে না রাঙ্গামাটিতে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটবে। রাঙ্গামাটির প্রার্থীদের ক্ষেত্রেও আমরা দেখছি, তারা একে অন্যের প্রতি শ্রদ্ধা রেখে প্রচারণা চালিয়ে গেছেন। যে কারণে সারা দেশের অবস্থা যাই হোক, আশা করছি, রাঙ্গামাটিতে আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারব।