মানিকগঞ্জ সদর উপজেলার আইড়মারা-মিতরা উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানি এবং এক স্কুল শিক্ষককে লাঞ্ছিত করার অপরাধে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন সরদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তের নাম আরাফাত হোসেন পাভেল (২০)। তিনি আইড়মারা এলাকার মো. বাবুল হোসেনের ছেলে।

মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন সরদার জানান, সদর উপজেলার আইড়মারা মিতরা উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানি করছিল পাভেল। এসময় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন কুমার রায় প্রতিবাদ করায় তাকেও লাঞ্ছিত করে পাভেল। পরে এ ঘটনায় স্থানীয়রা পাভেলকে আটক করে পুলিশকে খবর দেয়। যৌন হয়রানি ও শিক্ষককে লাঞ্ছিত করার অপরাধে পাভেলকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।