চুয়াডাঙ্গায় গ্রাহকের ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্ট লিমিটেডের চার কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব।

শুক্রবার রাতে চুয়াডাঙ্গা ও খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন প্রতিষ্ঠানের সিইও জুবায়ের সিদ্দিকী মানিক, মহাব্যবস্থাপক মাসুদ সিদ্দিকী রতন, উপদেষ্টা আবু বক্কর সিদ্দিকী ও ম্যানেজার মিনারুল ইসলাম।

গতকাল সকালে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান জানান, চুয়াডাঙ্গায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্ট লিমিটেড গঠন করে বিভিন্ন লোভনীয় অফারের মাধ্যমে সাধারণ মানুষকে আকৃষ্ট করে আসছিল। বর্তমানে তাদের পণ্য ঘাটতির পরিমাণ ৭-৮ কোটি টাকা। কয়েক মাস ধরে তারা তাদের প্রতিষ্ঠানের কাস্টমার কেয়ারসহ সব কার্যক্রম বন্ধ রাখে। এতে সারা দেশে তারা অসংখ্য গ্রাহককে হয়রানির মাধ্যমে রেখেছেন। বর্তমানে তাদের প্রায় ১ হাজার ৮০০-এর বেশি এনভয়েস অর্ডার বাকি রয়েছে। গত শুক্রবার প্রতারণার শিকার আতিকুর রহমান উজ্জ্বল নামের এক গ্রাহক চুয়াডাঙ্গা সদর থানায় ১৮ লাখ ৫২ হাজার ৪৮০ টাকা আত্মসাৎ করার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেন।

মামলা দায়েরের পর র‌্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ও খুলনা থেকে ওই চারজনকে গ্রেফতার করে। তাদের চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।