নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শ্রমিক-কর্মচারীরা। গতকাল সকালে কারখানার প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সকাল ৮-১০টা পর্যন্ত প্রধান ফটক দিয়ে কারখানা থেকে সার সরবরাহ বন্ধ ছিল।

মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবীর হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সিনিয়র সহসভাপতি তৈমুর রহমান, সাবেক সভাপতি সোহরাব হোসেন প্রমুখ।

কারখানার শ্রমিক-কর্মচারীরা জানান, গত ১ মার্চ থেকে কারখানার ওভারহোলিংয়ের জন্য দুই মাস উৎপাদন বন্ধ রয়েছে। ওভারহোলিং শেষে মে মাস থেকে কারখানা চালু করতে চাইলে গ্যাস সরবরাহ বন্ধ রাখে বিসিআইসি কর্তৃপক্ষ। এতে প্রায় পাঁচ মাস ধরে উৎপাদন বন্ধ থাকায় কারখানার যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। তাই কারখানাকে বাঁচাতে শ্রমিক-কর্মচারীরা আন্দোলনে নেমেছেন।

 তিনদিনের মধ্যে দাবি না মানা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন তারা।

সূত্র জানায়, কারখানা চালু থাকলে আশুগঞ্জ সার কারখানায় প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ টন ইউরিয়া উৎপাদন হয়। এ সার ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।