পাঁচ দফা দাবিতে সিলেট পরিবহন শ্রমিকদের ডাকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল ও কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস, মাইক্রোবাস কিংবা অন্য কোন পরিবহন ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে অটোরিকশাসহ সব ধরনের যান চলাচল।

এতে চরম বিপাকে পড়েছেন অফিসগামী সাধারণ মানুষ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা চলায় ভুক্তভোগী হচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ ছাড়া এসএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতিতে বাধা পড়ছে বলে জানান সংশ্লিষ্টরা।

সকাল ৯টায় কর্মঘণ্টা শুরু হওয়ায় আগেই অফিসের উদ্দেশ্যে বের হতে হয়। সড়কে গাড়ি না থাকায় অনেকে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। অফিসগামী রফিকুল ইসলাম বলেন, কিছু দিন পর পর ধর্মঘট ডাকা সিলেটের পরিবহন শ্রমিকদের নৈমিত্তিক কার্যক্রম হয়ে দাঁড়িয়েছে। সরকারকে এর বিহিত করা প্রয়োজন। সরকার নয় মনে হয় জনগণই তাদের টার্গেট।

বিভাগীয় হাসপাতাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আগত রোগীর স্বজনরা পড়েছেন চরম বিপাকে। নারী-পুরুষ অনেককে পায়ে হেঁটে যেতে দেখা যায়। জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের আসা রোগীদের স্বজনদেরও একই অবস্থা।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, ইমা লেগুনা হিউম্যান হুইলার শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা অটো টেম্পু অটোরিকশা শ্রমিক জোট, সিলেট জেলা ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নসহ সকল শ্রমিক ইউনিয়ন সম্মিলিতভাবে আন্দোলনের ডাক দিয়েছে।

আরো বলেন, অনির্দিষ্টকালের এ কর্মবিরতিতে সাধারণ মানুষের জানমালের যেন কোন ক্ষতি না হয় শ্রমিক নেতাদের সেদিকে দৃষ্টি রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ জানান, পরিস্থিতি তাদের পর্যবেক্ষণে রয়েছে। কোথাও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হলে পুলিশ ব্যবস্থা নেবে।

পরিবহন শ্রমিকদের পাঁচ দফা দাবি হচ্ছে— সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার ও উপকমিশনারের (ট্রাফিক) অপসারণ, ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ করা, সিলেটে শ্রম আদালতের প্রতিনিধি শ্রমিক লীগের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারকারী নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে পাথর কোয়ারি খুলে দেওয়া, ভাঙাচোরা রাস্তাগুলোর দ্রুত সংস্কার এবং নতুন সিএনজি চালিত অটোরিকশা বিক্রি বন্ধ ও বিক্রয়কৃত গাড়ির রেজিস্ট্রেশন দেয়া। এ ছাড়া অটো বাইক, ব্যাটারি চালিত রিকশা ও ডাম্পিংকৃত গাড়িসহ অনুমোদনহীন গাড়ি চলাচল বন্ধ রাখার দাবিতে কর্মবিরতি পালন করছে পরিবহন শ্রমিকরা।