কক্সবাজার শহরে একটি পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে মারুফুল ইসলাম মাহি (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বেলা ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মাহি কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার আবদুল মালেকের ছেলে। তিনি কক্সবাজার সিটি কলেজের কমার্স বিভাগ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
মৃত শিক্ষার্থীর বাবা আবদুল মালেক জানান, মাহি সকাল ৬টার দিকে বাড়িতে মোবাইল ফোন রেখে তার বন্ধুদের সঙ্গে বের হয় ফুটবল খেলার জন্য। আট-নয় বন্ধু মিলে পিটিস্কুল মাঠে ফুটবল খেলাশেষে শহরের বাজারঘাটা নাপিতাপুকুরে গোসল করতে গিয়েছিল। গোসল করার সময় মাহি পানিতে ডুবে যায়।
খবর পেয়ে সকাল ১০টা থেকে অনেক খোঁজাখুঁজি করার পর বিকাল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করেন লাইফগার্ড কর্মীরা। পরে মাহিকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।










