লক্ষ্মীপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হনুফা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৭ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে নোয়াখালীর একটি হাসপাতালে তিনি মারা যান।

নিহত হনুফা সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য ওবায়দুল হক হিরণের স্ত্রী। তার বাবার বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

ইউপি সদস্য হিরণ জানান, গত কয়েকদিন ধরে হনুফা অসুস্থ ছিলেন। শুরুতে বাড়িতে রেখেই তাকে চিকিৎসা দেয়া হয়। সোমবার রাত ৮টার দিকে অবস্থার অবনতি হলে তাকে প্রাইম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা করে তার ডেঙ্গু জ্বর ধরা পড়ে। ওই হাসপাতালের চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যাবার পরামর্শ দেয়। এরই মধ্যে হনুফা মারা যান।

এদিকে গত ২৪ ঘণ্টায় লক্ষ্মীপুরের পাঁচ উপজেলায় ৫৯ জন রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে সদর হাসপাতাল ও চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, ৯৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন (সিএস) আহাম্মদ কবীর বলেন, হনুফা বেগম লক্ষ্মীপুরে কোথাও চিকিৎসা নেননি। তিনি নোয়াখালীর একটি হাসপাতালে মারা গেছেন। তার মৃত্যু দুঃখজনক। লক্ষ্মীপুরের হাসপাতালে এখনো পর্যন্ত কোন রোগী মারা যাননি। আমরা রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছি।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এ পর্যন্ত লক্ষ্মীপুরে এক হাজার ১৭৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ৫৩১, কমলনগরে ২৬৪, রায়পুরে ১১১, রামগঞ্জে ৮৮ ও রামগতিতে ১৮২ জন। জেলার পাঁচ উপজেলায় ১৮০ জন রোগী চিকিৎসাধীন। সদর হাসপাতালে ৯৯, কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪১, রায়পুরে ১০, রামগঞ্জে ১৩ ও রামগতিতে ১৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।