‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে যশোরে শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। গতকাল বেলা সাড়ে ১১টায় শহরের ঐতিহাসিক টাউন হল ময়দানে এ মেলার উদ্বোধন করেন স্থানীয়, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, ডিজিটাল কেন্দ্রের মাধ্যমে দেশের প্রান্তিক মানুষ হাতের নাগালে সব সেবা পাবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ চতুর্থ বিপ্লবে প্রবেশ করেছে। যার মাধ্যমে আগামী ২০৪১ সালের মধ্যে সর্বক্ষেত্রে একটি উন্নত দেশে পরিণত হবে। যদিও করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে কিছু কিছু ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়েছি; তার পরও শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমরা সব দুর্যোগ কাটিয়ে উঠছি।

জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবিব, স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আজম প্রমুখ।

এর আগে জেলা প্রশাসকের নেতৃত্বে যশোর কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মাঠের মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।