দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে শনিবার বিকালে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামী লীগ নেতা কৃষি খামারি দুরন্ত বিপ্লবের (৫১)। এদিন গভীর রাতে মরদেহটি বিপ্লবের বলে শনাক্ত করেন তার স্বজনরা।
দুরন্ত বিপ্লব জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির কৃষি ও সমবায়বিষয়ক সদস্য ছিলেন। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার ছোট ইলাশপুরের মৃত আব্দুল মান্নানের ছেলে। তার পরিবারের সদস্যরা ঢাকায় বসবাস করেন। দক্ষিণ কেরানীগঞ্জে তার কৃষি খামার রয়েছে।
গতকাল দুপুরে বিপ্লবের মরদেহের ময়নাতদন্ত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। দুরন্ত বিপ্লবের মাথায় ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসক মফিজুল উদ্দিন আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করছেন, এটি হত্যাকাণ্ড।
ময়নাতদন্ত শেষে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শেখ ফরহাদ হোসেন বলেন, নিহতের মাথার পেছনে ভারী ধাতব বস্তুর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। বুকেও আঘাতের চিহ্ন রয়েছে। এসব চিহ্ন দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া গেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এদিকে বিপ্লবের মরদেহের ময়নাতদন্তের সময় মর্গের সামনে উপস্থিত ছিলেন ছোট ভাই দুর্জয় বিপ্লব। তিনি জানান, ৭ নভেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির বাসায় যাওয়ার পথে নিখোঁজ হন তার ভাই। তার সেলফোনটি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ৯ নভেম্বর তারা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি করেন।
তিনি জানান, ময়নাতদন্তকারী চিকিৎসকের বক্তব্য অনুযায়ী দুরন্ত বিপ্লবকে হত্যা করা হয়েছে। দ্রুত তার ভাইয়ের হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ফতুল্লার পাগলা নৌ-ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহ্জাহান আলী বলেন, শনিবার বিকালে বুড়িগঙ্গা নদীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার পানগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাত ১২টার দিকে কেরানীগঞ্জ থানায় যোগাযোগ করেন স্বজনরা। পরে রাত ৩টায় নারায়ণগঞ্জে এসে ছবি দেখে মরদেহের পরিচয় শনাক্ত করেন স্বজনরা।
নৌ-পুলিশের নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিনা মাহমুদ জানান, বুড়িগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে এখনো মামলা হয়নি। মামলা হলে যদি আমাদের দায়িত্ব দেয়া হয় তবে আমরা তদন্ত করব। নিখোঁজ হওয়ার পর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি করা হয়েছে। নিহতের স্বজনরা কোথায় মামলা করবেন তা তারা ঠিক করবেন।
তিনি আরো জানান, শুনেছি কেরানীগঞ্জ এলাকায় নদী পারাপারের সময় দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার-পাঁচজন পানিতে পড়ে যায়। সে ঘটনায় এক ব্যক্তি নিখোঁজ ছিলেন। নিখোঁজ ব্যক্তি দুরন্ত বিপ্লব কিনা সেটিও আমরা খতিয়ে দেখছি।










