রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাঘববোয়াল থেকে চুনোপুঁটি কেউ ছাড় পাবে না। যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি। অপারেশন ততদিন চলবে যতদিন ডেভিল মুক্ত না হবে।
রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর সঙ্গে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মতবিনিময় শেষে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য একাধিক কমিটি রয়েছে।
তিনি বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে, কারণ ছোলা, খেজুরের সরবরাহ ভালো। দেশে সারের কোনো সংকট নাই, কিছু ডিলার শয়তানি করে কৃত্রিম সংকট তৈরি করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সীমান্তে ভারতীয় আগ্রাসনে চাঁপাইনবাবগঞ্জের মানুষ যে ভূমিকায় ছিল তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে বলেন, এতে খুশি, তবে আইন যেন কেউ হাতে তুলে না নেয়।
মতবিনিময় সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহীতে দায়িত্বরত সেনা, বিজিবি, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










