ঝিনাইদহ সদর উপজেলার ঝপঝপিয়া এলাকায় বাসচাপায় জাহাঙ্গীর হোসেন (৩০) নামের এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

গতকাল ভোর সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন হলিধানী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। আহত জামিরুল ইসলাম একই এলাকার বিনোদপুর গ্রামের বাসিন্দা।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সকালে পান ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন ও জামিরুল ইসলাম মোটরসাইকেলযোগে হলিধানী থেকে শহরের নতুন হাটখোলা পান বাজারে আসছিল। পথে ঝপঝপিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা জেআর পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর হোসেন মারা যায়। আহত হয় জামিরুল ইসলাম। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।