দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খালখনন কর্মসূচি দেশে সবুজ বিপ্লবের সূচনা করবে। এর মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে এবং খালে মাছ ও খালের পানিতে চাষাবাদের সুযোগ সৃষ্টি হওয়ায় ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরে আসবে।

আজ দুপুরে ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, খালখনন কর্মসূচিতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। এ উদ্যোগ কৃষি, মৎস্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করতে ত্রিশাল সফর করবেন। এ সময় তিনি খালপাড়ে একটি তালগাছও রোপণ করবেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর এ খালখনন কর্মসূচির সূচনা করেছিলেন।

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতারা ছিলেন।