ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে পেছন থেকে দ্রুতগতিতে আসা গাড়ির ধাক্কায় ২টি যাত্রীবাহী বাস ও সড়ক নিরাপত্তার পেট্রল গাড়িসহ ৩ গাড়ির সংঘর্ষে অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়কের প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে এক ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে মাওয়াগামী গ্রিন ঢাকা পরিবহনের পেছন দিকে প্রথমে সুরভি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে গ্রিন ঢাকা পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা সড়ক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত পেট্রল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এসময় সুরভি পরিবহনের ১০/১২ জন গুরুতর আহত হন।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে হাঁসাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

rescue 3

বিষয়টি নিশ্চিত করে, হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ক্ষতিগ্রস্ত যানবাহন জব্দ করে নেয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।