ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, এবার ভিন্ন প্রেক্ষাপটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত হচ্ছে। সুযোগসন্ধানীরা যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ জন্য গোয়েন্দা সংস্থাগুলোকে নজরদারি বাড়াতে হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে এক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন সাজ্জাত আলী। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনে জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা–সংক্রান্ত এ সভার আয়োজন করা হয়।
সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সংস্কৃতি মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিসসহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।
সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। সভায় আরও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম প্রমুখ।










